ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগের ছাটাই দাবীতে বগুড়ায় বিশাল মানববন্ধন
বগুড়া অফিস:
ইসলামী ব্যাংক থেকে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হাজার হাজার কোটি টাকা লুটপাট, অবৈধভাবে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃতদের বরখাস্ত, মেধার ভিত্তিতে সারাদেশ থেকে নিয়োগ, অন্যায়ভাবে চাকুরীচ্যুতদের চাকুরীতে পূনর্বহাল সহ বিভিন্ন দাবীতে বগুড়ায় বিশাল মানব বন্ধন হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বগুড়া ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ বগুড়া যৌথভাবে আয়োজিত মানবন্ধনে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যাংকের গ্রাহক অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক, হুজাইফা, তারেক সিদ্দিকী, কাহার উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে অবৈধভাবে নিয়োগকৃতদের ছাটাই করে মেধার ভিত্তিতে সকল স্তরে নিয়োগ করতে হবে। লুটের টাকা ফেরত আনতে হবে। অন্যায়ভাবে চাকুরীচ্যুতদের পূনর্বহাল করতে হবে। সেই সাথে যারা বরখাস্তের পরে ব্যাংকে মাস্তানী করছে তাদের গ্রেফতার করতে হবে। নইলে ব্যাংকের গ্রাহকরা দূর্বার আন্দোলনে যাবে। এতে বিপুল সংখ্যক গ্রাহক ও চাকুরী প্রত্যাশী অংশ গ্রহন করেন।
