বগুড়ায় টাইফয়েড টিকাদান সফল করতে প্রশাসনের আহবান
বগুড়া অফিস:
বগুড়া জেলায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। ইতিমধ্যে আড়াই লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত জেলা পর্যায়ের পরামর্শ সভায় এ তথ্য জানানো হয় ।
জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম নূর ই শাহীন, সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, নয়াদিগন্তের ষ্টাফ রিাপার্টার আবুল কালাম আজাদ, ইউনিসেফ প্রতিনিধি শহিদুল হাসান প্রমুখ ।
সভায় জানানো হয়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়ে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। সভায় বক্তারা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা জানান, ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর। পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।
