বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২৫’-এর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শনিবার (২২ নভেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ ফাইনালে ২০নং ওয়ার্ড ১-০ গোলে গোকুল ইউনিয়নকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।

প্রথমার্ধে উভয় দলের খেলোয়াড়রা বল দখলে দারুণ লড়াই করলেও কেউ গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই শাহীন মিয়ার দুর্দান্ত শটে ২০নং ওয়ার্ড এগিয়ে যায় ১-০ তে। ম্যাচের বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও গোকুল ইউনিয়ন গোল পরিশোধ করতে ব্যর্থ হলে ২০নং ওয়ার্ড শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির এবং বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল চ্যাম্পিয়ন দলের হাতে একটি ষাঁড় গরু এবং রানার্সআপ দলের হাতে একটি খাসী পুরস্কার হিসেবে তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, এডভোকেট আল-আমিন, সেলিম রেজা, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, এডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাদী সফিক, সহ-সেক্রেটারি অধ্যাপক নামিরুল হক জার্জিসসহ আরও অনেকে। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সিনিয়র রেফারি জীবরিল বাবু। সহকারী রেফারি ছিলেন আব্দুল মান্নান, সফি মামুন ও জুয়েল। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০নং ওয়ার্ডের খেলোয়াড় মরহুম হাসানের জন্য বিশেষ দোয়া করা হয়। সেমিফাইনাল ম্যাচে আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে আয়োজকরা গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের ৩২টি শাখা নিয়ে এবারের টুর্ণামেন্ট আয়োজন করা হয়। চারটি ভেন্যুতে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *