একাডেমি কাপ অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ
অনলাইন ডেস্ক:
তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৫ এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকছুদুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য গোলাম কবির, খিজির হায়াত, এস এম শামস মতিন প্রমুখ।
এই টুর্নামেন্টে জয়পুরহাট জেলার ০৬ টি একাডেমির মোট ৯০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। জয়পুরহাট ফুটবল কল্যাণ একাডেমিকে ট্রাইব্রকারে ৩-৪ গোলে হারিয়ে জয়পুরহাট সানরাইজ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
