ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থা জানালো মেডিক্যাল বোর্ড
অনলাইন ডেস্ক:
দুর্বৃত্তের গুলিতে মারাত্মকভাবে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।
বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি থাকা হাদির চিকিৎসার জন্য গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে।
বোর্ডের বিবৃতি অনুযায়ী, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রেখে ব্রেন সুরক্ষার প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে।
এছাড়া তাঁর ফুসফুসে ইনজুরি বিদ্যমান থাকায় সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ন্ত্রণে সাপোর্ট চলমান রয়েছে; এমনকি প্রয়োজন হলে তাৎক্ষণিক টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য দল প্রস্তুত রয়েছে।
বোর্ড রোগীর সার্বিক অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে উল্লেখ করেছে এবং ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চেয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করতে এবং কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিক্যাল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
