বগুড়ায় জয়ের আশাবাদ জামায়াতের প্রার্থী সোহেল ও গোলাম রব্বানী
বগুড়া অফিস:
বগুড়া-৬ ও ৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও গোলাম রব্বানী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার (০২ জানুয়ারি) দুপুরে বগুড়া রিটার্নিং অফিসার তৌসিফুর রহমান ঘোষিত মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের একথা বলেন।
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষে জামায়াত কাজ করে যাচ্ছে। জনগণ সুযোগ দিলে আমরা দেশকে একটি কল্যাণ রাস্ট্রে পরিণত করতে চাই। আইন শৃংখলা পরিস্থিতি আরো উন্নতি করতে ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচন পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। পরে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের বলেন, গণতন্ত্র বিকাশে অবশ্যই প্রশাসন কে নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে।
কোন দলের পক্ষে কাজ করবেন না। তিনি একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর মাওলানা ইউনুছ আলী, বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ, গাবতলী উপজেলা নায়েবে আমীর মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
