গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
গাইবান্ধায় এক স্কুলছাত্রীর গোপন ভিডিও ধারনের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে শাকিল আহমেদ মিম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ মিম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কান্তনগর গ্রামের সাজু সরকারের ছেলে।
র্যাব জানায়, গাইবান্ধার সাদুল্লাপুর জুগীপাড়া এলাকায় নানা বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন ভিকটিম। সেসময় রায়হান নামে এক যুবক মেয়েটির গোসল করার ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সে ভিডিওটি শাকিলকে সরবরাহ করে। শাকিল গত ২৪ জুন মেয়েটিকে ভিডিওটি দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই মেয়ে নানা বাড়িতে এসে বিষয়টি জানায়। এরপরের দিন মেয়েটির মা থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে গতরাতে ঢাকার সাভার থানার ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে র্যাব।
