জয়পুরহাটে সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবিতে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ আনোয়ারা বেগম নামে এক নারী। রবিবার (২ নভেম্বর) বিকেলে ফিচকারঘাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মৃত শামসুল উদ্দিনের ছেলে সালাউদ্দিন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯০ সালে সালাউদ্দিন ভুয়া রেকর্ড তৈরি করে দেবখন্ডা মৌজার ১২ শতক জমি জোরপূর্বক দখল করে নেন। এ বিষয়ে অভিযোগ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে তিনি ন্যায়বিচার পাননি। ২০১৯ সালে সম্পত্তি উদ্ধারে তিনি পাঁচবিবি সহকারী জজ আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
আনোয়ারা বেগম আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট এলাকাবাসীর সহায়তায় তারা নিজেদের সম্পত্তি পুনরুদ্ধার করেছেন।
তিনি বলেন, আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, তবে আর জুলুম-নির্যাতন মেনে নেব না। আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। সেই জমি আমার কেনা। বরং আমার জমি তারা দখল করেছে।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
