বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

প্রয়াত মায়ের স্মরণে ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন সুবিধাবঞ্চিত মানুষ

বগুড়া অফিস:

মানবসেবাই পরম ধর্ম—এই প্রত্যয়ে প্রয়াত মা আছিনুর বেগমের স্মরণে বগুড়ার কাহালু উপজেলার বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প। গত ৩০ মে,২০২৬ (শনিবার) আয়োজিত এ ক্যাম্পে এলাকার দুই শতাধিক এর বেশি রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মায়ের স্মৃতিকে জনকল্যাণমূলক কাজে উৎসর্গ করার মহৎ উদ্যোগ হিসেবে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. এম এম আহসানুল হক আশিক, গাইনি ও অবস বিভাগের চিকিৎসক ডা. মোমেনা বিনতে জাফর সহ বিশেষজ্ঞ চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোঃ মুশফিকুর রহমান, এমবিবিএস, সিসিডি (বারডেম), এমপিএইচ (বিএসএমএমইউ) ও মেডিক্যাল অফিসার ডাঃ বর্ণা দাস। চিকিৎসকবৃন্দ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ  প্রদান করেন।

সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে হাড়-জোড়া ও গাইনি সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত মা আছিনুর বেগম আজ আর আমাদের মাঝে নেই, তবে তার আদর্শ, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসাকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

স্থনীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী এবং আশার আলো হিসেবে কাজ করে।

উল্লেখ্য, এই মানবিক উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত ছিল সুখের খামার এবং ইন্ডিপেনডেন্ট জেনারেল হাসপাতাল, বগুড়া। আয়োজকরা ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মানুষের প্রতি ভালোবাসা ও মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল এই মেডিকেল ক্যাম্প, যা স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং মানবসেবার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *