জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
অনলাইন ডেস্ক:
পরিবেশবান্ধব নগরী গড়া এবং বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্র।
জয়পুরহাট পৌরসভার কড়ই কাদিপুর এলাকায় স্থাপিত এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে শহরের পচনশীল বর্জ্যকে প্রক্রিয়াজাত করে উন্নত মানের জৈব সারে রূপান্তর করা হবে। এতে একদিকে যেমন শহরের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে কৃষকরা কম খরচে মানসম্মত সার পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, উন্নয়ন সংস্থা এসএনভি (SNV)-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. সুমন আলী, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাশেম, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্মিত এই প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
