বগুড়া জেলাবগুড়া সদরবৃহত্তর বগুড়া

বগুড়া জেলা রোভারের জেলা সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

অনলাইন ডেস্ক:

দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভারের উদ্যোগে ‘জেলা সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট, রোভার স্কাউট এবং রোভার লিডাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়নের কৌশল, প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সার্ভিস এবং টেকসই সামাজিক উন্নয়নে রোভার স্কাউটদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে অংশগ্রহণকারীদের অ্যাওয়ার্ড অর্জনের বিভিন্ন ধাপ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, প্রকল্প মূল্যায়ন এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া প্রফেসর মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মো ফজলে রাব্বী এলটি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্কশপ পরিচালক স্কাউটার মোঃ আব্দুল ওয়াহেদ এলটি। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা রোভারের সম্পাদক জনাব মোঃ আতিকুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বগুড়া জেলা রোভারের সহকারী কমিশনার মোহাম্মদ এমদাদুল হক, যুগ্ম সম্পাদক মোঃ হাসান আলী, ডিআরএসএল মোঃ হারুন অর রশিদ, স্কাউটার মোঃ রেদওয়ান ইবনে কাফি সহ রোভার লিডারবৃন্দ এবং জেলার বিভিন্ন রোভার ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবী মনোভাব ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে গড়ে তুলতে রোভার স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড কার্যক্রমের মাধ্যমে তরুণরা সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে অংশগ্রহণের সুযোগ পায়, যা একটি মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, উপস্থাপনা এবং মুক্ত আলোচনায় অংশ নেন। এতে রোভার কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও যুগোপযোগী করার বিভিন্ন দিক উঠে আসে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রোভার সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *