টিএমএসএস SMART-অটোমোবাইল প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন
বগুড়া অফিস:
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত SMART-অটোমোবাইল উপ-প্রকল্প’-এর আওতায় করতোয়া পরিবেশ ক্লাবের উদ্যোগে ২৭ জুন ২০২৬ তারিখ ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় সকাল ৯:৩০ ঘটিকায় টিএমএসএস কেন্দ্রীয় জোন অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি মাটিডালি বাজার প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জোন অফিসে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক-৩ জনাব মোঃ সোহরাব আলী খান, জনাব মোঃ মাহাবুবর রহমান, পরিচালক (অপারেশন এ্যান্ড আইটি), জনাব মোঃ রেজাউল করিম, পরিচালক (অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট), জনাব মোঃ সাজ্জাদুর রহমান, যুগ্ম পরিচালক (অপারেশন-১), জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিনিয়র সহকারী পরিচালক ও পিসি (SMART প্রকল্প), পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ, জোন প্রধান, রিজিয়ন প্রধান, শাখা প্রধান, অটোমোবাইল ওয়ার্কশপ উদ্যোক্তা এবং SMART অটোমোবাইল উপ-প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
র্যালি শেষে জোন অফিসের সম্মেলন কক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজু মিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। সভায় সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম, পরিচালক (অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট), টিএমএসএস। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা মারাত্বক ঝুঁকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবন যাপন নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ের সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে। টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক-৩ জনাব মোঃ সোহরাব আলী খান বলেন, টিএমএসএস দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উন্নয়ন, সবুজ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবেশ রক্ষায় জন সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ আন্দোলনে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, SMART অটোমোবাইল উপ-প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সাজু মিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এখন আর শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকল স্তরের মানুষের অংশ গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মো: রেজাউল করিম বলেন, বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ’র সহযোগিতায় বাস্তবায়িত SMART অটোমোবাইল প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশ বান্ধব উদ্যোগ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
